• রাজশাহী, বাংলাদেশ
  • ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • অনলাইন নিউজ পোর্টাল
  • asthanews.raj@gmail.com
  • +880-1711-294327

চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের তরুণ প্রতিনিধি দল।

প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:৪২
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৯:৪২

চীন সফরে যাচ্ছে বিএনপির ২০ সদস্যের তরুণ প্রতিনিধি দল।

অনলাইন ডেস্ক | ঢাকা

চীন সরকারের বিশেষ আমন্ত্রণে ১০ দিনের এক রাষ্ট্রীয় সফরে দেশটিতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ২০ সদস্যের একটি তরুণ ও ছাত্রনেতাদের প্রতিনিধি দল। আগামী ৪ জুন থেকে শুরু হয়ে এই গুরুত্বপূর্ণ সফরটি চলবে ১৪ জুন পর্যন্ত।

সম্প্রতি ঢাকাস্থ চীনা দূতাবাস থেকে প্রকাশিত এক তালিকা এবং বিএনপি দলীয় সূত্রে এ সফরের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এর আগে, গত ১৪ মে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একটি আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই আমন্ত্রণ জানান।

প্রতিনিধি দলে আছেন যারা

সফরকারী এই প্রতিনিধি দলে বিএনপির বিভিন্ন স্তরের ২০ জন সম্ভাবনাময় তরুণ ও ছাত্রনেতা স্থান পেয়েছেন। তালিকায় থাকা ছাত্রনেতারা হলেন:

  • মো. মিনহাজুল ইসলাম ভূইয়া
  • খন্দকার এনামুল হক
  • শরীফ উদ্দিন
  • গালিব হাসান প্রীতম
  • আরাফাত বিল্লাহ খান
  • মেহেদী হাসান জুয়েল
  • শ্যামল মালুম
  • জহিরুল ইসলাম
  • এ বি এম ইজাজুল কবির রুয়েল
  • মো. মঞ্জুরুল আলম

তালিকায় আরও রয়েছেন— আবিদুল ইসলাম খান, শেখ তানভীর বারী হামিম, আব্দুর রশিদ, আইয়ুবুর রহমান, শ্রাবণী আক্তার, নওশীন নাহার, সেলিমা বিনতে তারিন, তানজিলা হোসেন, রাবেয়া তাশিন মৌ ও জান্নাতুল নওরীন উর্মি।

চংকিং ও সাংহাই পরিদর্শন: থাকছে নানা কর্মসূচি

বিএনপি মহাসচিবকে লেখা চিঠিতে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উল্লেখ করেন, সফরকালে বাংলাদেশের এই তরুণ প্রতিনিধি দলটি চীনের ঐতিহাসিক চংকিং ও আধুনিক সাংহাই শহর পরিদর্শন করবে।

সফর চলাকালীন তারা চীনের উৎপাদনশীল শক্তির বিকাশ, আধুনিক উন্নয়ন কৌশল, উচ্চপর্যায়ের অর্থনৈতিক উন্মুক্তকরণ, গ্রামীণ পুনরুজ্জীবন এবং তৃণমূল পর্যায়ের শাসন ও প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

এর পাশাপাশি সফরকে ফলপ্রসূ করতে প্রতিনিধি দলের সদস্যরা চীনের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজ গবেষক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন থিংক ট্যাংকের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক মতবিনিময় সভায় অংশ নেবেন।

চীনা দূতাবাসের চিঠি অনুযায়ী, এই সফরের আন্তর্জাতিক বিমান ভাড়া, স্থানীয় আবাসন, খাওয়া-দাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াতসহ যাবতীয় সমস্ত ব্যয়ভার চীন সরকার বহন করবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 


ভারপ্রাপ্ত সম্পাদক: কাজী জহুরুল আলম ।। প্রকাশকঃ মিজানুর রহম্যান মিজান

রাজশাহী অফিস: চারঘাট, জিপিও-৬২৭০, রাজশাহী।
ই-মেইল: asthanews.raj@gmail.com, মোবাইল: +880-1711-294327