বিশ্বের দুই শীর্ষ নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক এবং ইরান যুদ্ধের টানটান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল রয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দামের বড় কোনো পরিবর্তন দেখা যায়নি।
বাজারে দেখা যায়, বৃহস্পতিবার সকাল ০৬:০২ জিএমটি পর্যন্ত প্রতি আউন্স স্পট গোল্ড ৪,৬৮৯.৪৯ ডলারে স্থির ছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জুন ডেলিভারি ফিউচার গোল্ডের দাম ০.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪,৬৯৬.৪০ ডলারে।
গোল্ডসিলভার সেন্ট্রাল-এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের বৈঠকে কী ঘটে, সবাই সেদিকেই তাকিয়ে আছে। ফলে স্বর্ণের বাজার বর্তমানে কিছুটা থিতু হয়ে আছে। দাম সামান্য নিম্নমুখী হওয়া নতুন বিনিয়োগকারীদের জন্য ভালো একটি সুযোগ হতে পারে।









